রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াত আমির হাসপাতালে: হার্টে ‘৩ ব্লক’, বাইপাস সার্জারির পরামর্শ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩১, ২০২৫, ১২:০৭ এএম

জামায়াত আমির হাসপাতালে: হার্টে ‘৩ ব্লক’, বাইপাস সার্জারির পরামর্শ

ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বুধবার দিনাজপুর টিভি ডটকমকে বলেন, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর জামায়াত আমিরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। বুধবার কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে তার হার্টে তিনটি বড় ধরনের ব্লক ধরা পড়েছে।

"চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন," জানান তিনি। জামায়াত আমিরের অবস্থা 'মোটামুটি সুস্থ' উল্লেখ করে নজরুল বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আমির বুধবার বেলা ১১টায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে বিকাল ৪টার দিকে তার এনজিওগ্রাম করা হয়।

তার বাইপাস সার্জারি কবে বা কখন করা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আরও কিছু টেস্ট চিকিৎসকরা করছেন। সেগুলো শেষ হলে কখন উনার বাইপাস সার্জারি হবে, সে বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।"

তিনি আশা প্রকাশ করেন, "খুব দ্রুতই হবে। যথাসময়ে আপনাদেরকে (সাংবাদিকদের) তা জানানো হবে। আমিরে জামায়াতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।" জামায়াত আমিরও দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ডা. শফিকুর রহমান দুইবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গিয়েছিলেন। সেসময় তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলেও সেদিন পরীক্ষায় তেমন কিছু ধরা পড়েনি এবং পরদিন তিনি বাসায় ফিরে যান।