বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জাহাঙ্গীর কবির নানকের অবৈধ সম্পদ: হুন্ডিতে যাচ্ছে কোটি টাকা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৩:৫৫ পিএম

জাহাঙ্গীর কবির নানকের অবৈধ সম্পদ: হুন্ডিতে যাচ্ছে কোটি টাকা

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তপসিয়া এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে অবস্থান করে আয়েশি জীবনযাপন করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। স্ত্রী সৈয়দা আরজুমান্দ বানুকে নিয়ে পরিচালিত এই প্রবাস জীবনে কোনো আর্থিক সংকটের ছাপ নেই। বরং বাংলাদেশে থাকা তার অঢেল স্থাবর সম্পত্তি ও বাণিজ্যিক স্থাপনা থেকে অবৈধ উপায়ে অর্থ পাঠিয়ে এই খরচের জোগান দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতি মাসে কোটি টাকারও বেশি অর্থ অবৈধ হুন্ডির মাধ্যমে তার কাছে পাঠানো হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।

ঘনিষ্ঠজন ও সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, প্রায় দুই বছর ধরে দেশে থাকা নানকের বিভিন্ন বাণিজ্যিক অবকাঠামো থেকে ভাড়া তুলে তা সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করা হচ্ছে। স্ত্রী ছাড়াও তার মেয়ে এস আমরিন রাখি ও জামাতা ভারতে বসবাস করছেন, যদিও তারা থাকেন পৃথক বাসায়। তপসিয়ার ওই সুরক্ষিত ফ্ল্যাটে বসেই নানক দেশের রাজনৈতিক কর্মকাণ্ড তদারক করছেন এবং দলীয় সমর্থকদের সঙ্গে নিয়মিত বৈঠক করার পাশাপাশি অনলাইন মাধ্যমে বিভিন্ন বার্তা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। রাজনীতিতে প্রভাব বিস্তারের দীর্ঘ সময়কালে তার মোট সম্পদে নজিরবিহীন উল্লম্ফন ঘটে।

বরিশাল নগরীর বটতলা এলাকার স্থায়ী বাসিন্দা নানক রাজধানী ঢাকার মোহাম্মদপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় নানক ও তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল মাত্র ৬৩ লাখ ৭৫ হাজার টাকা। অথচ দেড় দশকের ব্যবধানে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তিনি এই সম্পদের মূল্য দেখান প্রায় ১৯ কোটি টাকা। কাগজে-কলমে সম্পদ প্রায় ৩০ গুণ বাড়ার হিসাব থাকলেও বাস্তবে তার পরিবারের হাতে শতকোটি টাকার বেশি মূল্যের সম্পদ পুঞ্জীভূত রয়েছে বলে দাবি করা হচ্ছে। নানক দম্পতির মালিকানাধীন বহু সম্পত্তির তথ্য আয়কর বিবরণী ও হলফনামায় গোপন রাখার অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে উঠে এসেছে, বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় তাদের মালিকানাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্লোবাল ভিলেজ’-এর আর্থিক হিসাব রাজস্ব বোর্ডকে জানানো হয়নি। একইভাবে দোয়ারিকা সেতু এলাকায় থাকা প্রায় আট একর জমি এবং বরিশাল শহরের বিভিন্ন ওয়ার্ডে মাছের খামারসহ দুই একর ২২ শতাংশ ভূ-সম্পত্তিতে গড়ে তোলা বহুতল ভবনের ভাড়ার তথ্যও নথিতে যুক্ত করা হয়নি। এর বাইরে ঢাকার কলাবাগানের বহুতল ভবনসহ পর্যটন নগরী কক্সবাজার ও কুয়াকাটায় তার নামে-বেনামে বিপুল বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পরও এসব সম্পত্তি বহাল তবিয়তে রয়েছে এবং রূপাতলী, মতাসার, সার্কুলার রোড ও করিম কুটির এলাকার ভবনগুলো থেকে নিয়মিত ভাড়া আদায় চলছে।

স্থানীয় পর্যায়ে এই অর্থ ব্যবস্থাপনায় যুক্ত রয়েছেন নানকের আস্থাভাজন সাবেক এক কলেজ অধ্যক্ষ। বরিশাল নগরীর সদর রোড ও কাঠপট্টি এলাকার দুজন ব্যবসায়ীর মাধ্যমে এই অর্থ হুন্ডি চ্যানেলে ভারতে পাঠানো হয়, যাদের মধ্যে একজন হোটেল মালিক এবং অন্যজন স্বর্ণালংকার ব্যবসায়ী। সংগৃহীত ভাড়া সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়ার পর তারা কলকাতায় ভারতীয় রুপিতে অর্থ হস্তান্তরের ব্যবস্থা করেন। 

সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে ফিরে আসা দলীয় এক কর্মী জানিয়েছেন, নির্ধারিত প্রতিনিধিরা সরাসরি তপসিয়ার ফ্ল্যাটে পৌঁছে দেওয়ায় নানককে টাকা সংগ্রহের জন্য বাইরেও বের হতে হয় না। উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য জাহাঙ্গীর কবির নানকের ব্যবহৃত সবকটি মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরগুলো বন্ধ পাওয়া যায় এবং খুদে বার্তারও কোনো সাড়া মেলেনি।