আগস্ট ২৯, ২০২৫, ১০:১৪ পিএম
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নুরের নিজস্ব আইডিতে একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে, জাতীয় পার্টি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা করেছে। তারা অবিলম্বে গণহত্যার অভিযোগে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার এবং দলটির নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
এদিকে, জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছে। অন্যদিকে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পাল্টা অভিযোগ করেন, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইট-পাটকেল নিক্ষেপ করে তাদের উসকানি দিয়েছে।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার এ বিষয়টি নিশ্চিত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন