সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রিজভীর বক্তব্য নিয়ে শিবির সেক্রেটারির প্রতিক্রিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:১০ পিএম

রিজভীর বক্তব্য নিয়ে শিবির সেক্রেটারির প্রতিক্রিয়া

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) এক সংবাদ সম্মেলনে তিনি রিজভীর এই মন্তব্যকে ‘ভুল বকাবকি’ বলে অভিহিত করেন।

সাদ্দাম বলেন, ডাকসু নির্বাচনের ফলাফলে বিএনপির 'আঁতে ঘা লেগেছে' এবং এ কারণে তারা মনকষ্ট থেকে এসব কথা বলছেন। তিনি রিজভীকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি যে নির্বাচন হলে ক্ষমতায় আসবে, সেই আশা নিয়ে রাজনীতি করছে।

শিবির সেক্রেটারি বলেন, বিএনপির ছাত্রসংগঠন (ছাত্রদল) বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের মাঝে পানির ফিল্টার, কলম, ফাইলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করে। তিনি প্রশ্ন করেন, "যেহেতু তারাই বলেছেন এসব ছাত্র সংগঠনের কাজ না, তাহলে ছাত্রদল কেন এসব চ্যারিটি কাজ করেছে?" তিনি বলেন, ছাত্রশিবির তাদের নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো করে, সেগুলোর প্রশংসা করা উচিত, গাত্রদাহ হওয়া উচিত নয়।

নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, বাংলাদেশের সরকারের উচিত প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সবার শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা। তিনি প্রশ্ন তোলেন, "৬ লাখ শিক্ষার্থী এ বছর এসএসসিতে ফেল করেছে, এরাও তো এ দেশের নাগরিক। তাদের নিয়ে কে কাজ করেছে? সরকার কি করেছে?"

এদিকে, বিএনপি নেতা ফজলুর রহমান ডাকসু নির্বাচনকে "সিনিয়র মাদ্রাসার ইলেকশন" বলে অভিহিত করে বলেন, "এটা কোনো ডাকসু ইলেকশন না।" তিনি বলেন, "হাটহাজারী মাদ্রাসায় যত ছাত্র আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছাকাছি ছাত্র আছে। এটা সিনিয়র মাদ্রাসার একটি নির্বাচন এবং এই সর্বনাশটা করে গেছেন শেখ হাসিনা নিজে।"