সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৪:৩৯ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর একটি সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, "ডক্টর ইউনূস স্যার নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না।"শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) দেওয়া এক ফেসবুক পোস্টে রাশেদ খাঁন এই মন্তব্য করেন।
রাশেদ খাঁন অভিযোগ করেন, ড. ইউনূস রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে পক্ষপাতিত্ব দেখিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, "ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার দু'জন রাজনৈতিক প্রতিনিধিকে মঞ্চে তুলে বললেন, 'these are the guys fighting on the street'। তাহলে বাকি যে ৪ জন রাজনৈতিক প্রতিনিধি গেছেন, তারা কি রাস্তায় ফাইট করছে না?"
তিনি বলেন, ড. ইউনূস যাকে ভালোবাসেন, তার প্রতি ভালোবাসা এভাবেই দৃশ্যমান করেন। তিনি আরও যোগ করেন যে এই 'সরলতার' জন্যই তার কাছে প্রধান উপদেষ্টাকে ভালো লাগে।
রাশেদ খাঁনের মতে, অন্যান্য উপদেষ্টারা মাঝে মাঝে ড. ইউনূসকে মনে করিয়ে দেন যে সবার প্রতি সমান ভালোবাসা দেখানো উচিত, নইলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ পক্ষপাতদুষ্ট সরকার বলতে পারে। তিনি প্রধান উপদেষ্টার এই সরলতাকে 'বিশ্বে বিরল' বলে অভিহিত করেন এবং বলেন, ড. ইউনূস যদি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান, তবে তা এই সরলতার জন্যই পাবেন।
রাশেদ খাঁন প্রত্যাশা করেন, ড. ইউনূস যেন তার সরলতা ধরে রাখেন এবং অন্যদের মতো ভালোবাসা লুকিয়ে না রেখে প্রকাশ করেন। এতে অন্তত কেউ তাকে 'কুটিল বুদ্ধির লোক' বলবে না।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন