সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৪৩ পিএম

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না

ছবি - সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, তাঁর দল বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ চায় না এবং ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না। তিনি বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যে ষড়যন্ত্র চলছে, তা অতীতেও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।সালাহ উদ্দিন আহমদ বলেন, "আমরা ধর্মের ভিত্তিতে জাতিতে কোনো বিভক্তি চাই না... আমরা ধর্মের ব্যবহার করে, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করতে চাই না, কখনো চাইনি।"

তিনি হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ফ্যাসিবাদী শক্তি রাজনৈতিকভাবে বিভিন্ন কারণে তাদের 'ভোটের বাক্স হিসেবে' ব্যবহার করার চেষ্টা করেছে, সেখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।তিনি অভিযোগ করেন:ইদানিং লক্ষ্য করছি—একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি।"

বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে সামনে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

তিনি উল্লেখ করেন, দেশের জনগণ বিগত ১৬ বছর ধরে লড়াই-সংগ্রাম করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। তিনি সতর্ক করে বলেন:এই নির্বাচন যাতে বিলম্বিত হয় সেই প্রচেষ্টা চালু আছে। কোন কোন গোষ্ঠী শুরু থেকে নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় সেই প্রচেষ্টা হচ্ছে কোন কোন মহলের পক্ষ থেকে। যারা এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে দেশের মানুষ।"