অক্টোবর ১, ২০২৫, ০২:৫৩ পিএম
বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে যদি ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হয়—এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।বুধবার সকালে রাজধানীর কলাবাগান প্রধান সড়কে ঢাকা-১০ আসনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাদের উদ্যোগে
দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে আধুনিক পরিকল্পনা গ্রহণ এবং কার্যকর বাস্তবায়নের দাবি’ নিয়ে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার অসীম বলেন, যদি দেশের জনগণ বিএনপিকে সুযোগ দেয়, তাহলে ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, এই ৩১ দফা মূলত রাষ্ট্র মেরামত ও জনগণের কল্যাণের জন্য প্রণীত হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ঘটিয়ে সাধারণ জনগণের কাছে সুশাসন, ন্যায়বিচার, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।ব্যারিস্টার অসীম ঢাকার সাম্প্রতিক নাগরিক সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, “গত রাত থেকে এ পর্যন্ত বৃষ্টিতে পুরো ঢাকা শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
রাস্তার ড্রেন, ম্যানহোল সবই আছে, কিন্তু নিষ্কাশন ব্যবস্থা নেই। উৎপাত ড্রেনে ময়লা ফেলা থাকে, রাস্তায় ময়লার স্তূপ জমে থাকে—কিন্তু সিটি করপোরেশনের কোনো উদ্যোগ নেই। করপোরেশন সবসময় নির্বিকার থাকে।”তিনি আরও বলেন, বর্তমানে কোনো নির্বাচিত কমিশনার না থাকায় নাগরিক সুবিধার সংকট আরও তীব্র হয়েছে। মেয়র থেকে শুরু করে অন্তত শতাধিক ওয়ার্ডে কোনো কমিশনার নেই, ফলে নাগরিক সুবিধার সংকট নিশ্চিত করার কেউ নেই।
এছাড়াও তিনি ঢাকা শহরের পরিবহণ নৈরাজ্যের কথা উল্লেখ করেন। তার মতে, বিআরটিএ থাকা সত্ত্বেও শহরে অননুমোদিত যানবাহন, থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা অনুমোদন ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীর সামনে চলাচল করছে, যা যানজট ও জনজীবনে দুর্ভোগ তৈরি করছে।অসীম বলেন, এসব সমস্যার সমাধান একটাই—জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা।
অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, তারা ১৪–১৫ মাস ধরে সংস্কার ঐকমত্য কমিশন নিয়ে আছেন। কিন্তু সংসদ না বসা পর্যন্ত এ কমিশন পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারবে না। অথচ জনগণের জরুরি সমস্যার পরিবর্তে তারা দিনের পর দিন এই অবান্তর বিষয়ে সময় নষ্ট করছেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন