অক্টোবর ৪, ২০২৫, ০৭:২৬ পিএম
উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ এবং এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী। ভিআইপি গেটের সামনে নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান এর আগে সকালে নুরের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছিলেন। সিঙ্গাপুরে অবস্থানকালে তিনি প্রায় ১২ দিন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করান।প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করে দলটি।
সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নেন তিনি। এরপর গত সপ্তাহে হাসপাতাল থেকে বাসায় ফিরলেও উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। এখন তিনি চিকিৎসা শেষে দেশে ফিরলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন