বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দেব: সারজিস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ১১:৫০ এএম

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দেব: সারজিস

ছবি - সংগৃহীত

নিজের বিরুদ্ধে এক টাকারও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারলে সব ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (৪ অক্টোবর) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন।

উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কারের জন্য সরকারি বরাদ্দ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। জানা গেছে, সারজিস আলমের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চলতি অর্থবছরের প্রথম ধাপে আটোয়ারী উপজেলার ৩০টি মসজিদ, ৯টি মন্দির ও ১১টি রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

সভায় সারজিস আলম বলেন, “অনেকে অনেক প্রোপাগান্ডা ছড়ায়। তাদের উদ্দেশ্যে স্পষ্ট ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ যদি গত এক বছর এক মাসে আমার বিরুদ্ধে এক টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেব।” তিনি আরও বলেন, “আল্লাহ আমাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছেন, তা ন্যায় ও সৎভাবে আমানত রক্ষা করাই আমার একমাত্র লক্ষ্য।”

আটোয়ারী উপজেলার সার্বিক উন্নয়নে হিংসা-বিদ্বেষ ভুলে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো কাজে বাধা দেওয়া উচিত নয়। একটি পাকা রাস্তা, মসজিদ বা মন্দির নির্মাণ হলে তার সুবিধা আগামী প্রজন্ম ভোগ করবে। তাই কে কত বেশি ভালো কাজ করতে পারে, তা নিয়ে প্রতিযোগিতা হওয়া উচিত।

আলোচনা সভা শেষে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পঞ্চগড় জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকাটি উপস্থিত সকলের সামনে পড়ে শোনান।