অক্টোবর ৫, ২০২৫, ১২:৩০ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। আজ রোববার সকালে রাজধানীর বসুন্ধরা এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকের শুরুতে সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পূর্ণ সুস্থতা কামনা করেন। এরপর তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে ব্যবসায়-বাণিজ্য ও কূটনৈতিক বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনাকালে রাষ্ট্রদূতের সঙ্গে সুইস দূতাবাসের কাউন্সিলর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগ বিষয়ক প্রধান আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল অফিসার খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষ থেকে বৈঠকে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন