অক্টোবর ৭, ২০২৫, ১০:২৬ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়নের জন্য আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।” তিনি বলেন, পিআর পদ্ধতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জ পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।পিআর পদ্ধতি ছাড়া তার দল নির্বাচনে অংশ নেবে কিনা—এমন প্রশ্নের জবাবে চরমোনাই পীর বলেন, “পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়তে থাকব। তারপরও যদি সরকার না মানে, তাহলে আমরা পরবর্তীতে বসে সিদ্ধান্ত গ্রহণ করব যে নির্বাচনে যাব কি না।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের মূল্যায়ন হয় এবং সব দলের প্রতিনিধি সংসদে থাকার সুযোগ পায়। আমরা ২০০৮ সাল থেকেই এই পদ্ধতির জন্য দাবি জানিয়ে আসছি, কারণ এটি দেশের কল্যাণের জন্য একটি উত্তম নির্বাচন ব্যবস্থা।”
‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও অপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত এই গণসমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের হবিগঞ্জ জেলা সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসানসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন