বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ব্যাংক হিসাব নম্বর ও সংশোধিত গঠনতন্ত্র ইসিতে জমা দিয়েছে জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ০৯:২৯ পিএম

ব্যাংক হিসাব নম্বর ও সংশোধিত গঠনতন্ত্র ইসিতে জমা দিয়েছে জামায়াত

ছবি- সংগৃহীত

নিবন্ধন ফিরে পাওয়ার পর আইনি বাধ্যবাধকতা পূরণে ব্যাংক হিসাবের নম্বর এবং দলের সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার দলটির একটি প্রতিনিধি দল ইসি সচিবালয়ে এই সংক্রান্ত নথি জমা দেয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ২০১৩ সালে নিবন্ধন বাতিল হওয়ার পর ‘প্রতিকূল পরিস্থিতির’ কারণে দলটি কোনো ব্যাংক হিসাব পরিচালনা করতে পারেনি। সম্প্রতি নিবন্ধন ফিরে পাওয়ার পর ইসলামী ব্যাংকে দলের হিসাব নম্বর খোলা হয়েছে, যার বিবরণ কমিশনকে জানানো হলো।

এর আগে জুলাই মাসে দলটির পক্ষ থেকে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হলেও তাতে ব্যাংক হিসাবের তথ্য ছিল না, যার পরিপ্রেক্ষিতে ইসি প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দেয়।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জসিম উদ্দিন সরকার ইসিতে এই চিঠি জমা দেন।

একই সঙ্গে ২০১৯ সালে সংশোধিত গঠনতন্ত্রের একটি কপিও পুনরায় জমা দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর জামায়াতের গঠনতন্ত্রের ২২তম সংশোধনী কেন্দ্রীয় কাউন্সিলে অনুমোদিত হয়, যা গত ২৫ জুলাই ইসিতে জমা দেওয়া হয়েছিল। এখন কমিশনের তাগাদার পরিপ্রেক্ষিতে আরেকটি কপি জমা দেওয়া হলো।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জামায়াতের পক্ষ থেকে ব্যাংক হিসাব নম্বর ও সংশোধিত গঠনতন্ত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।