অক্টোবর ১১, ২০২৫, ১০:৩৭ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। কয়েক দফা বাছাই শেষে দলটি এখন ৩০০ আসনের জন্য চূড়ান্ত প্রার্থী নির্বাচনের শেষ ধাপে রয়েছে। দলীয় সূত্রমতে, চলতি অক্টোবর মাসের মধ্যেই অন্তত ২০০টি আসনে একক প্রার্থী চূড়ান্ত করে তাদের মাঠে কাজ করার জন্য ‘সবুজ সংকেত’ দেওয়া হবে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ প্রসঙ্গে বলেন, “প্রতিটি আসনেই আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছেন। আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী বাছাই করছি এবং শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেব। তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।”
জানা গেছে, তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণায় গতি আনতে এবং দলীয় কোন্দল এড়াতে এবার আগেভাগেই একক প্রার্থী চূড়ান্ত করার এই কৌশল নিয়েছে বিএনপির হাইকমান্ড। মাঠ পর্যায়ের নেতারা কেন্দ্রকে জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী দলগুলো ইতোমধ্যে তাদের প্রার্থী চূড়ান্ত করে প্রচারণা শুরু করায় বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী সমন্বিতভাবে কাজ করতে পারছেন না।
এই মতামতকে গুরুত্ব দিয়েই এবার দ্রুত প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে।মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর সাংগঠনিক দক্ষতা, বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং সামাজিক গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।এদিকে, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গেও আসন বণ্টন নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বিএনপি মিত্রদের কাছে তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা চেয়েছে এবং ভোটের মাঠে জয়ের সম্ভাবনা বিবেচনায় সর্বোচ্চ ৫০টি আসনে ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে, আগামী মাসের মধ্যেই ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে পুরোদমে নির্বাচনী মাঠে নামতে চায় বিএনপি।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন