রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দুষ্টু রাজনীতির কারণে বিদেশিরা বিনিয়োগ করার সাহস পায় না: জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ১১:৫২ এএম

দুষ্টু রাজনীতির কারণে বিদেশিরা বিনিয়োগ করার সাহস পায় না: জামায়াত আমির

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের দেশটা উৎপাদনের জন্য খুবই উর্বর ও উপযুক্ত একটি জায়গা। শুধুমাত্র দুষ্টু রাজনীতির কারণে বিদেশ থেকে এদেশে বিনিয়োগ করার সাহস পায় না (বিনিয়োগকারীরা)।” তিনি বলেন, তার দল এই ‘দুষ্টু রাজনীতির পুরো চরকা ঘুরিয়ে দিতে চায়’।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের তালতলায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের কাফরুল দক্ষিণ থানা আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, “বিগত দিনে দেশের অর্থনীতিতে ব্যাপক লুটপাট হয়েছে। আমরা এই অর্থনীতিতে শৃঙ্খলা আনব।

আমরা বিনিয়োগকারীদের এমন পরিবেশ দেব, যেখানে কোনো জালিম গিয়ে তাদের হুমকি দেওয়ার সুযোগ পাবে না। ক্ষুদ্র দোকানদার থেকে বৃহৎ শিল্প মালিক, সকলেই সম্মান এবং নিরাপত্তার সঙ্গে তাদের ব্যবসা পরিচালনা করবে।”তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ‘চাকর’ বা ‘চৌকিদার’ হিসেবে দায়িত্ব পালন করবেন, প্রভু হিসেবে নয়।আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “ভোটের কেন্দ্রগুলো শক্তভাবে পাহারা দিতে হবে। আমরা চাই ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। কিন্তু আমরা তিনবার ভোট দিতে পারিনি। এবার চতুর্থবার যদি কেউ ভোট ডাকাতি করতে আসে, ওই ডাকাতের হাত ভেঙে দেওয়ার জন্য তৈরি থাকতে হবে।”সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মাদ সেলিম উদ্দিনসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।