সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সুষ্ঠু বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৯:৩০ এএম

সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সুষ্ঠু বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপি

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বলেছে, দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সেনাবাহিনীর মতো একটি দেশপ্রেমিক বাহিনীর পেশাদারিত্ব রক্ষার জন্য গুম-খুনের মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের একটি সুষ্ঠু ও নির্মোহ বিচার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।শনিবার (১১ অক্টোবর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই অবস্থান ব্যক্ত করা হয়।

বিবৃতিতে বলা হয়, “ন্যায়বিচার শুধু অতীতের ঘটনাগুলোর শাস্তির নিশ্চয়তা দেয় না, বরং ভবিষ্যতে যেন কেউ এমন অন্যায়ের পুনরাবৃত্তি ঘটাতে না পারে, সেই নিশ্চয়তাও দেয়।”বিএনপি মনে করে, “কিছু চিহ্নিত ব্যক্তির অপরাধের দায় কোনোভাবেই একটি প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয়, তেমনি তাদের অপকর্মের কারণে সেই প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অনুচিত। গুরুতর অপরাধের দায় একান্তই ব্যক্তির নিজের।”

বিবৃতিতে আরও বলা হয়, “সেনাবাহিনীর প্রতিটি সদস্য এই দেশের, এই মাটির গর্বিত সন্তান। আর তাই, অধিকাংশ সেনা সদস্য নিশ্চিতভাবেই মন থেকে চান, যারা সীমা লঙ্ঘন করেছেন, তারা বিচারের মুখোমুখি হোক, যাতে ভবিষ্যতে কোনো অগণতান্ত্রিক সরকার আর কখনো সেনাবাহিনীকে দিয়ে গুম-খুনের মতো অন্যায় নির্দেশ বাস্তবায়ন করতে না পারে।

জনগণের এই সর্বজনীন আকাঙ্ক্ষার সঙ্গে বিএনপি শতভাগ একমত।”উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়েছে—সেনাসদরের এমন ঘোষণার পরই বিএনপির পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ বিবৃতিটি এলো।