সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর জোট গড়তে চায় বিএনপি: সালাহউদ্দিন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০২:১৪ পিএম

ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর জোট গড়তে চায় বিএনপি: সালাহউদ্দিন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 'ফ্যাসিবাদবিরোধী' আন্দোলনে থাকা সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর জোট গঠন করার ইচ্ছার কথা জানিয়েছে বিএনপি।সোমবার (২৭ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে দলের এই অবস্থানের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায়। এই ঐক্য বজায় রাখার ক্ষেত্রে কেউ যেন বিভেদের পথে না যায়, সেই বার্তাও দিতে চায় দল। তার এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বৃহত্তর আন্দোলন ও নির্বাচনের জন্য সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরির সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের চলমান বৈঠক প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এই নীতিনির্ধারক। তিনি জানান, দল এবং নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার জোরালো বার্তা দিতেই হাইকমান্ড এই বৈঠকগুলো করছে। সালাহউদ্দিন আহমদ এটিকে দলের অভ্যন্তরীণ সংহতি নিশ্চিত করার একটি প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

বিএনপির এই নেতা আরও জানান, তরুণ ও যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে নতুন কর্মসূচি প্রণয়ন করা হবে। তিনি বলেন, 'আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর।'