বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক বাকের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ১১:৩১ পিএম

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক বাকের

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) নামে পরিচিত ছাত্র সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এই নতুন সংগঠনে সভাপতির দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ছাত্রশক্তির নবনিযুক্ত সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি ও সংগঠনের আত্মপ্রকাশের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন এই কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) হিসেবে আবু তৌহিদ মো. সিয়াম এবং সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) হিসেবে মহির আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশের উদ্যোগে 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)' গঠিত হয়েছিল। কিন্তু সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সংগঠনটি আশানুরূপ সাফল্য পেতে ব্যর্থ হওয়ায় এর কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে। আত্মপ্রকাশের মাত্র আট মাসের মাথায়, গত ২৩ অক্টোবর বাগছাস আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।

সেই সংগঠনের নেতাদের নেতৃত্বেই এবার 'জাতীয় ছাত্রশক্তি' নামে নতুন এই সংগঠনটি আত্মপ্রকাশ করল। জাতীয় ছাত্রশক্তি মূলত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে বলে জানা গেছে।কমিটি বিশ্লেষণে দেখা যায়, বিলুপ্ত বাগছাসের আহ্বায়ক ছিলেন আবু বাকের মজুমদার, যিনি নতুন সংগঠনে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, যা অনেকের মতে একটি পদাবনতি। অন্যদিকে, বিলুপ্ত বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসান নতুন সংগঠনে সভাপতির দায়িত্ব পেয়েছেন, যা সাংগঠনিক পদোন্নতি হিসেবে বিবেচিত হচ্ছে।

একইসঙ্গে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার কমিটিও ঘোষণা করা হয়েছে। ঢাবি শাখায় তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি, আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক এবং মো. সাইফুল্লাহকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।