নভেম্বর ৩, ২০২৫, ০৮:৫৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে দলটি জানিয়েছে, ৬৩টি আসনে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এবং ঘোষিত তালিকাও পরিবর্তন হতে পারে।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
তালিকা ঘোষণার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেন, ‘আজ ২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, সেসব দলের সঙ্গে কথা বলে যে সব আসন আমরা ঘোষণা করিনি, তারা আসতে পারেন। অথবা আমাদের ঘোষিত আসনও আমরা পরিবর্তন করতে পারি— এটা আমরা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি।’ তিনি জোর দিয়ে বলেন, ‘একইসঙ্গে আমরা বলতে চাই, এটা আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা।’
এর আগে, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দুপুর সাড়ে ১২টা থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সভায় সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলনে আসেন।
ঘোষিত তালিকায় দেখা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন—দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ থেকে নির্বাচন করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্যদের মধ্যে কুমিল্লা-১ আসনে খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার-১ আসনে সালাহ উদ্দিন আহমদ, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন মনোনয়ন পেয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন