নভেম্বর ৬, ২০২৫, ১০:৪৮ পিএম
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা, নির্বাচনের তপশিলের আগে গণভোট এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত জমায়েতে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান তার বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি স্পষ্ট করে বলেন, “গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না। রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না।” তিনি দাবি করেন, রাষ্ট্র সংস্কারের জন্যই দেশের তরুণ ছাত্র-জনতা জীবন দিয়েছে।মাওলানা গাজী আতাউর রহমান অন্তর্বর্তী সরকারের প্রতি হতাশা প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আবার রাজপথে নামতে হবে তা তারা ভাবেননি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের বাধ্য করেছে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে সবাই একমত হয়েছে এবং সংস্কার বাস্তবায়নে গণভোটের বিষয়েও সবাই একমত হয়েছে, এখন গড়িমসি কিসের?তিনি ঘোষণা দেন, আগামী ১০ তারিখের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি না হলে তারা ঢাকায় লোকে লোকারণ্য করে সমাবেশ করবেন।গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমরা নভেম্বরে গণভোটের বিষয় বারংবার বলেছি। আপনারা কালক্ষেপণ করেছেন।
এখন যদি নভেম্বর গণভোট করতে না পারেন, তাহলে যেদিনই দেন গণভোট আগে হতে হবে।” তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, “প্রয়োজনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না; দুই মাস পরে করেন। কিন্তু গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না।”জমায়েত শেষে গণমিছিলসহ একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিতে যায়। প্রতিনিধি দলে ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মুহাম্মাদ আবু তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদসহ আট দলের শীর্ষ নেতারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন