নভেম্বর ৭, ২০২৫, ১০:২৫ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণভোটের দাবি কোনো চাপের মুখে উপেক্ষা করা হলে আসন্ন জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে। তাই তিনি অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে তার ওপর গণভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলার ৪নং ফুলতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উদ্যোগে যুগ্নীপাশায় আয়োজিত এক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।অধ্যাপক পরওয়ার বলেন, কিছু সংস্কার প্রশ্নে শুধু জামায়াতে ইসলামী ও বিএনপি নয়, আরও কয়েকটি দলের নোট অব ডিসেন্ট (ভিন্নমত) রয়েছে। তাই তার দাবি, ঐকমত্য কমিশন যে ভিত্তিতে জুলাই জাতীয় সনদের প্রস্তাবনা তৈরি করেছে, সেটিকে ভিত্তি ধরেই গণভোটের প্রস্তাবনা তৈরি করতে হবে— যেখানে কোনো নোট অব ডিসেন্ট যুক্ত থাকবে না। তিনি মনে করেন, এটাই জনগণের প্রত্যাশা ও দাবি।
তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে যেসব সংস্কার বিষয়ে সব দল একমত হয়েছে, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী কোনো দলের এখন সেই বিষয়ে ভিন্নমত পোষণ করা বা নোট অব ডিসেন্ট গণভোটে যুক্ত করার দাবি অন্যায়, অযৌক্তিক ও অনাকাঙ্ক্ষিত।অধ্যাপক পরওয়ার বলেন, রাজনৈতিক সংকট নিরসনে পারস্পরিক আলোচনাকে জামায়াতে ইসলামী স্বাগত জানায়। জামায়াতে ইসলামী ইতোমধ্যে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে।
তবে তিনি জোর দিয়ে বলেন, এই আলোচনার মধ্যস্থতার দায়িত্ব সরকারকেই নিতে হবে এবং জামায়াতে ইসলামী এতে সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।তিনি বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাই দল-মত-নির্বিশেষে জাতীয় ঐক্য গঠনের স্বার্থে নোট অব ডিসেন্ট বাদ দিয়ে এখনই গণভোটের প্রস্তুতি শুরু করা প্রয়োজন। জনগণের দাবি হলো—জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার আগেই দ্রুততম সময়ে গণভোটের তপশিল ঘোষণা করতে হবে।
জামায়াত সেক্রেটারি জেনারেল আরও জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে। তবে নির্বাচনের আগে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সংস্কারসমূহ বাস্তবায়ন এবং সকল অপরাধী, ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীদের বিচারের ব্যবস্থা করতে হবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন