নভেম্বর ৭, ২০২৫, ১০:৪৪ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে আলাদা করে গণভোটের কথা বলা হলেও, বিএনপি মনে করে নির্বাচনের দিনেই গণভোট হওয়া উচিত।শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি রাজনৈতিক দল জোট গড়ে নির্বাচনের আগেই গণভোট হতে হবে বলে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে।
তবে বিএনপি সেই দাবির বিপরীতে অবস্থান নিয়ে বলেছে, “গণভোট নির্বাচনের দিনই হতে হবে।” এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “কারণ, দুটি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে এবং মূল নির্বাচনের গুরুত্ব কমে যাবে।”তিনি বলেন, আজ দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার, যাদের তারা সম্পূর্ণ সমর্থন দিয়েছে, তারাই এমন ব্যবস্থা নিচ্ছে, যাতে নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।বিএনপি মহাসচিব এই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন। সংস্কারের শুরুও তার হাত ধরে।
মির্জা ফখরুল বলেন, হাসিনা পালানোর পর দেশের মানুষ নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায়। তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক দলগুলো যদি আবারও আলোচনায় বসে, তাহলে এতদিন ধরে ঐকমত্য কমিশন যে আলোচনা করেছে তার কী মানে হলো?তিনি আরও জানান, বিএনপি সরকারের সংস্কার উদ্যোগকে স্বাগত জানালেও, সম্প্রতি আসা নতুন প্রস্তাবে ঐকমত্য হওয়া বিষয়গুলো নেই এবং নতুন চিন্তাভাবনা নিয়ে আসা হয়েছে, যা বিএনপি গ্রহণ করেনি।
সমাবেশ থেকে যুবকদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আসুন আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামনে এগিয়ে যাই এবং আমাদের বিজয় সুনিশ্চিত করি।” তিনি বলেন, “আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব এবং ইনশাআল্লাহ এই নির্বাচনে বিজয়ী হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন