সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া কি জায়েজ?

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০৫:২৩ পিএম

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া কি জায়েজ?

বিয়ে মানুষকে শালীন, পবিত্র ও পরিপূর্ণ জীবনযাপনের পথে নিয়ে যায়। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়েছে এবং বিয়ের সামর্থ্য রাখে, তার জন্য দেরি না করে বিয়ে করা ইমানি দায়িত্ব। নবী করিম (সা.) বলেছেন, "হে যুবসমাজ, তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে, তার বিয়ে করা উচিত।

কেননা বিয়ে চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে।" (বোখারি : ৫০৬৫)তবে, বিয়ের ক্ষেত্রে ইসলামের কিছু শর্ত ও নীতিমালা রয়েছে, যা মানা অত্যন্ত জরুরি।

আমাদের সমাজে অনেক অভিভাবক ছেলেমেয়ের অনুমতি ছাড়াই জোরপূর্বক তাদের বিয়ে দিয়ে দেন। অথচ বিয়ের ক্ষেত্রে পাত্র-পাত্রীর মতামত বা সম্মতি একটি গুরুত্বপূর্ণ বিধান।

ইসলামে বিয়ে সম্পন্ন হওয়ার জন্য উল্লেখযোগ্য শর্ত হলো, পাত্র ও পাত্রী উভয়ের প্রস্তাব (ইজাব) এবং গ্রহণ (কবুল) প্রকাশ করা। ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে:নারীর মতামত ছাড়া বিয়ে নয়: ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে, নারীর মতামত ছাড়া তাকে বিয়ে দেওয়া বৈধ নয়। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা। যে নারীকে বিয়ে দেওয়া হবে, সে কুমারী হোক বা তালাকপ্রাপ্তা বা বিধবা, তার মতামত নেওয়া অবশ্যই জরুরি।

কুমারীর সম্মতি: হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেছেন, "কুমারী নারীর অনুমতি ব্যতীতও তাকে বিয়ে দেওয়া যাবে না।" সাহাবারা প্রশ্ন করলেন, কুমারীর অনুমতি কীভাবে বোঝা যাবে? রাসুলুল্লাহ (সা.) উত্তর দিলেন, "তার নীরবতাই তার অনুমতির প্রকাশ।" (বোখারি : ৫১৩৬)

ফুক্বাহায়ে কেরামের ভাষ্য অনুযায়ী, যদি কোনো নারীকে তার মতামত বা সম্মতি ছাড়াই বিয়ে দেওয়া হয়, তবে সে নারী চাইলেই বিয়ের আকদ বা চুক্তি বাতিল করার অধিকার রাখেন। ইসলামে এ বিষয়ে নারীদের এই অধিকার স্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে।

প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, ছেলে বা মেয়ের সম্মতি ছাড়া জোরপূর্বক তাদের বিয়ে দেওয়ার কোনো সুযোগ ইসলাম দেয়নি। অবশ্যই তাদের মতামত নিতে হবে।তিনি পাত্র-পাত্রীর উদ্দেশে পরামর্শ দেন, যদি বাবা-মায়ের পছন্দের ক্ষেত্রে দ্বীনদারির অভাব মনে হয়, তবে সম্মানের সাথে আপত্তি জানানো যেতে পারে। এই অধিকার ইসলাম দিয়েছে, কিন্তু বাবা-মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না।