রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শোলাকিয়ায় ঈদের জামাত সময় ও ইমামের নাম ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৮:৩৪ পিএম

শোলাকিয়ায় ঈদের জামাত সময় ও ইমামের নাম ঘোষণা

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, ঐতিহাসিক এই ময়দানে আসন্ন ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঈদ জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাঠের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সভায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া মাঠ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক র‍্যাব, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।

জেলা প্রশাসন ও শোলাকিয়া ঈদগাহ কমিটি জানায়, জামাতে আগত মুসল্লিদের সুবিধার্থে ও নিরাপত্তার খাতিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। মাঠের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, প্রতিবারের মতো এবারও দেশ-বিদেশের বিপুল সংখ্যক মুসল্লি শোলাকিয়ায় নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। সুষ্ঠুভাবে জামাত সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে। সদস্যদের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে নিরাপত্তার ছক চূড়ান্ত করা হয়েছে।