মে ১৯, ২০২৬, ০১:০২ পিএম
ভৌগোলিক অবস্থানের কারণে এবার পবিত্র ঈদুল আজহা উদযাপনে উপমহাদেশের ভেতরেই তারিখের ভিন্নতা দেখা দিয়েছে। সাধারণত বাংলাদেশ, ভারত ও পাকিস্তান একই দিনে ঈদ পালন করলেও এবার পাকিস্তানে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামী ২৭ মে বুধবার কোরবানি ঈদ উদযাপন করা হবে। অন্যদিকে চাঁদ দেখা না যাওয়ায় ভারত ও বাংলাদেশে ঈদ হবে একদিন পরে অর্থাৎ ২৮ মে বৃহস্পতিবার।
পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির বৈঠকে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।কমিটির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সে দেশের আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁদ দেখা যাওয়ায় পাকিস্তানে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়, যা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিলে গেছে। অন্যদিকে ভারতে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় দিল্লির কেন্দ্রীয় রুয়েত-এ-হিলাল কমিটি আগামী ২৮ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশেও নিজস্ব আকাশসীমার চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২৮ মে ঈদ উদযাপনের আনুষ্ঠানিক প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।একই উপমহাদেশে অবস্থান করেও এই তারিখের পার্থক্যের পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। চাঁদের দৃশ্যমানতা মূলত তার বয়স ও অবস্থানের ওপর নির্ভর করে যাকে বিজ্ঞানের ভাষায় ভিজিবিলিটি কার্ভ বলা হয়।
সূর্যাস্তের সময় বাংলাদেশের আকাশে চাঁদের বয়স দেখার উপযোগী না হলেও এক-দুই ঘণ্টা পর পাকিস্তানের আকাশসীমায় তা স্পষ্ট হয়ে ওঠে। এ ছাড়া পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে চাঁদ দেখা কমিটিতে আধুনিক আবহাওয়া ও মহাকাশ বিজ্ঞানীদের যুক্ত করায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে। প্রতি এক থেকে দেড় দশকে অন্তত একবার এমন বিরল পরিস্থিতি তৈরি হয় বলে গবেষকেরা জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন