জুন ৯, ২০২৬, ০৪:১১ পিএম
আমাদের দেশে বিয়ের আকদ শেষে মসজিদে উপস্থিত মুসল্লিদের মাঝে খেজুর বা মিষ্টি বিতরণ একটি দীর্ঘদিনের প্রচলিত রীতি। কিন্তু এই বিতরণের পদ্ধতি নিয়ে প্রায়ই বিভ্রান্তি দেখা দেয়। বিশেষ করে মসজিদে খেজুর ‘ছিটিয়ে দেওয়া’ কি সুন্নাহ, তা নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে।
ইসলামি স্কলারদের মতে, বিয়ের অনুষ্ঠান শেষে মানুষকে খেজুর বা মিষ্টি খাওয়ানো জায়েজ। তবে খেজুর ‘ছিটিয়ে দেওয়া’ কোনোভাবেই সুন্নাহর অন্তর্ভুক্ত নয়। বিতরণ করা সুন্নাহ হলেও ছিটানোর রীতি শরীয়তসম্মত নয়।
যদি কেউ ছিটানোর মাধ্যমে বিতরণ করেন, তবে তা হারাম না হলেও মসজিদের পবিত্রতা ও আদব বজায় রাখা বাধ্যতামূলক।মসজিদ আল্লাহর ঘর, এর বিশেষ মর্যাদা রয়েছে। কিন্তু খেজুর ছিটানোর ফলে মসজিদে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। খেজুর কুড়াতে গিয়ে মুসল্লিদের হৈ-হুল্লোড়, চিল্লাচিল্লি এবং একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ার ঘটনা ঘটে, যা মসজিদের শান্ত পরিবেশ ও আদব মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে।
সুতরাং, সুন্নাহর অনুসরণ এবং মসজিদের পবিত্রতা বজায় রাখার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো—হাতে হাতে খেজুর বিতরণ করা। এতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না এবং কেউ অস্বস্তিতেও পড়েন না। মসজিদে খেজুর বিতরণের সময় আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যেন কোনো অবস্থাতেই মসজিদের মর্যাদা ক্ষুণ্ণ না হয় এবং কারও কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। ইসলাম সবসময় শৃঙ্খলার পক্ষপাতী, তাই যেকোনো সামাজিক আচার-অনুষ্ঠানে মসজিদের পরিবেশ যেন বিঘ্নিত না হয়, সেদিকে খেয়াল রাখা প্রত্যেক মুমিনের দায়িত্ব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন