মার্চ ১২, ২০২৬, ১০:৪৩ পিএম
দিনাজপুরের বিরলে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো খেজুর উপজেলার ৭০টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বিরল উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের ইফতারের সুবিধার্থে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিমরান মোহাম্মদ সায়েক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেজুর বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফুর রহমান এবং বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমানসহ বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার প্রতিনিধিরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সৌদি আরব থেকে প্রাপ্ত মোট ৩০টি কার্টুনে ২৪০ কেজি খেজুর বিরলের ৭০টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিনিধিরা সৌদি সরকার ও বিরল উপজেলা প্রশাসনের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উপজেলার সকল নিবন্ধিত এতিমখানায় এই বরাদ্দ পৌঁছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন