নভেম্বর ১৩, ২০২৫, ১০:৩০ পিএম
নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে নিশ্চিত জয় একদম হাতের মুঠোয় এসেও ফসকে গেল বাংলাদেশের। ম্যাচের ৯৩তম মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোল হজম করে জয় হারাল হাভিয়ের কাবরেরার দল। ফল—রোমাঞ্চকর ২-২ ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো স্বাগতিকদের।
জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন হামজা চৌধুরী।ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের জন্য। ২৯তম মিনিটে রোহিত চাঁদের নিচু শটে এগিয়ে যায় নেপাল, আর ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে বাধ্য হয় বাংলাদেশ।
তবে বিরতির পর পরই বদলে যায় খেলার চিত্র। দ্বিতীয়ার্ধের ৪৬তম মিনিটে ফাহিমের ক্রস থেকে জামাল ভূঁইয়ার পাস পেয়ে চমৎকার এক ওভারহেড কিকে দলকে সমতায় ফেরান হামজা চৌধুরী।
এর মাত্র দুই মিনিট পরই রাকিব হোসেন বক্সে ফাউল আদায় করলে পেনাল্টি পায় স্বাগতিকেরা। এবারও নির্ভুল হামজা—ঠাণ্ডা মাথায় পানেনকা শটে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে ২-১ গোলে এগিয়ে দেন।এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রক্ষণভাগের এক মুহূর্তের ভুলেই সর্বনাশ। কর্নার থেকে আসা বলে অনন্ত তামাংয়ের পা ছুঁয়ে বল জালে ঢুকে যায়—সমতায় ফেরে নেপাল। এই শেষ মুহূর্তের গোলে দর্শকদের মুখে হতাশার ছাপ এবং খেলোয়াড়দের হতাশায় নিশ্চিত জয় হাতছাড়া হয়ে যায়।
দ্বিতীয়ার্ধের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন দুর্দান্ত খেলা হামজা চৌধুরী, তাকে বদলি হিসেবে নামানো হয় কিউবা মিচেলকে।এই ড্রয়ের পরও বাংলাদেশের জন্য কিছু ইতিবাচক দিক রয়েছে, যেমন ফেরার ম্যাচে হামজার জোড়া গোল, দলের মধ্যে লড়াইয়ের মানসিকতা এবং কিছু তরুণের আত্মবিশ্বাসী পারফরম্যান্স। তবে হতাশার জায়গা একটাই—২০২০ সালের ১৩ নভেম্বরের পর নেপালের বিপক্ষে আর জয় পায়নি বাংলাদেশ। ঠিক পাঁচ বছর পর একই দিনে আবারও জয়ের হাসি হারিয়ে গেল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন