বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিশ্বকাপের টিকিট পেতে পর্তুগালের সামনে কঠিন সমীকরণ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৫, ১১:৪০ এএম

বিশ্বকাপের টিকিট পেতে পর্তুগালের সামনে কঠিন সমীকরণ

ডাবলিনের অ্যাভিভা স্টেডিয়ামে স্বাগতিক আয়ারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করল পর্তুগাল। বাছাইপর্বের ইতিহাসে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কাছে এই পরাজয় ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও আইরিশদের জমাট রক্ষণভাগ ও গোলরক্ষক কেলেহারের দৃঢ়তায় গোল করতে ব্যর্থ হয় সফরকারীরা।

উল্টো ম্যাচের ১৭ মিনিট ও প্রথমার্ধের শেষ দিকে ট্রয় প্যারটের জোড়া গোলে ঐতিহাসিক জয় তুলে নেয় আয়ারল্যান্ড। এই হারের ফলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পর্তুগালকে এখন তাকিয়ে থাকতে হবে বাছাইপর্বের শেষ ম্যাচ পর্যন্ত।

গ্রুপের শেষ ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। সেই ম্যাচে জয় পেলেই সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে সাবেক ইউরো চ্যাম্পিয়নদের। তবে আর্মেনিয়ার বিপক্ষে ড্র করলে বা হেরে গেলে পরিস্থিতি জটিল হতে পারে। সেক্ষেত্রে রোনালদোদের তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচ অর্থাৎ হাঙ্গেরি ও আয়ারল্যান্ডের লড়াইয়ের দিকে। যদি হাঙ্গেরি সেই ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে ব্যর্থ হয় তবে আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচের ফলাফল যাই হোক না কেন তারা সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে।

তবে শঙ্কার জায়গাটি তৈরি হবে যদি হাঙ্গেরি তাদের ম্যাচে জয়লাভ করে এবং পর্তুগাল আর্মেনিয়ার কাছে হেরে যায়। তখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান নির্ধারণে গোল ব্যবধানের হিসাব সামনে আসবে। সমীকরণ নিজেদের পক্ষে না থাকলে পর্তুগালকে প্লে-অফ খেলতে হতে পারে যা তাদের বিশ্বকাপ যাত্রা আরও দীর্ঘায়িত ও অনিশ্চিত করে তুলবে।

তাই সব ধরনের ঝুঁকি এড়াতে এবং জটিল সমীকরণের ওপর নির্ভর না করে শেষ ম্যাচে আর্মেনিয়াকে হারিয়ে দাপটের সঙ্গেই বিশ্বকাপ নিশ্চিত করতে চাইবে পর্তুগিজরা। আয়ারল্যান্ডের কাছে এই হার দলের রক্ষণভাগের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যা শেষ ম্যাচের আগে কোচ রবার্তো মার্টিনেজের জন্য চিন্তার কারণ হতে পারে।