বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অ্যাঙ্গোলার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৫, ০৪:৪০ পিএম

অ্যাঙ্গোলার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে বছরের শেষ ম্যাচ খেলতে আজ শুক্রবার মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই বিশেষ প্রীতি ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে।

বছরের শেষটা জয়ে রাঙাতে প্রস্তুত আলবিসিলেস্তেরা এবং দলের কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যে নিশ্চিত করেছেন যে অধিনায়ক লিওনেল মেসি এই ম্যাচের শুরুর একাদশে থাকছেন।

তবে দলের নিয়মিত একাদশের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তারকাকে ছাড়াই আজ মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে যা ভক্তদের জন্য কিছুটা হতাশার কারণ হতে পারে।

গোলপোস্টের নিচে বিশ্বস্ত প্রহরী এমিলিয়ানো মার্তিনেজকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে এবং হাঁটুর চোটের কারণে ছিটকে গেছেন এনজো ফার্নান্দেজ। এর চেয়েও অদ্ভুত কারণে দলের বাইরে রয়েছেন হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা ও জিলিয়ানো সিমিওনে। হলুদ জ্বরের টিকা না নেওয়ার কারণে তারা এই সফরে দলের সঙ্গী হতে পারেননি।

গত অক্টোবরের ফিফা উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফরে আর্জেন্টিনা দারুণ ছন্দে ছিল যেখানে তারা ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোকে বড় ব্যবধানে পরাজিত করে। অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য স্পেনের এলচেতে ক্যাম্প করেছে মেসিরা যেখানে তাদের অনুশীলন দেখতে প্রায় ২০ হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন।

প্রতিপক্ষ হিসেবে অ্যাঙ্গোলা খুব একটা শক্তিশালী নয় এবং ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব থেকেও তারা ইতিমধ্যে ছিটকে গেছে। তবুও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাইবে তারা। অন্যদিকে আর্জেন্টিনা কোচ স্কালোনি এই ম্যাচে সাইডবেঞ্চের শক্তি কিছুটা পরখ করে নিতে পারেন। সম্ভাব্য একাদশ অনুযায়ী আজ গোলপোস্ট সামলাবেন জেরোনিমো রুলি।

রক্ষণভাগে দেখা যেতে পারে হুয়ান ফোইথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি ও নিকোলাস তাগলিয়াফিকোকে। মধ্যমাঠে রদ্রিগো দি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সাথে জিওভানি লো সেলসো অথবা নিকোলাস পাজকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আক্রমণভাগে মেসির সাথে জুটি বাঁধতে পারেন লাউতারো মার্তিনেজ ও থিয়াগো আলমাদা। বছরের শেষ ম্যাচে একটি পরিচ্ছন্ন জয়ের প্রত্যাশায় তাকিয়ে আছে সারা বিশ্বের আর্জেন্টিনা সমর্থকরা।