বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশকে টপকে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৫, ০৭:৩৬ পিএম

বাংলাদেশকে টপকে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান

বাংলাদেশকে বড় ব্যবধানে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই আগামী হকি বিশ্বকাপের বাছাইপর্বের মূল টিকিট নিশ্চিত করেছে সাবেক বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন পাকিস্তান। মওলানা ভাসানি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় প্লে-অফ ম্যাচে অতিথি দলটি স্বাগতিকদের হারিয়েছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে।

তিন ম্যাচের প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচেও বৃহস্পতিবার পাকিস্তান ৮-২ গোলে জয় পেয়েছিল, যেখানে স্বাগতিকরা কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল বটে, কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কোনো প্রতিরোধই গড়তে পারেনি।

ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার উপলক্ষ্য হয়ে থাকল।দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই চাপ সৃষ্টি করে পাকিস্তান।

ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম পেনাল্টি কর্ণার পায় অতিথি দল এবং সুফিয়ান খানের ড্রাগ-ফ্লিক গোলে তারা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এই প্রথম কোয়ার্টারে বাংলাদেশের উল্লেখ করার মতো কোনো প্রচেষ্টা লক্ষ্য করা যায়নি। ১৯তম মিনিটে ওয়াহিদ আশরাফ খানের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ডানদিক থেকে বক্সে প্রবেশ করে দ্রুত দুটি পাস খেলার মাধ্যমে পাকিস্তানের খেলোয়াড়রা বাংলাদেশের রক্ষণ ফাঁদ এড়িয়ে গোল মুখ খুলে নিতে সক্ষম হন।

২৪তম মিনিটে একটি দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ডানদিক থেকে আক্রমণে ওঠা মোহাম্মদ আব্দুল্লাহ বল বাড়ান সিয়াম তানভিরের কাছে, কিন্তু তার হিট গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ৩১তম মিনিটে আরও একটি সফল পিসি থেকে ব্যবধান ৩-০ করে অতিথিরা, এই গোলেরও স্কোরার ছিলেন সুফিয়ান খান। প্রথমার্ধের শেষমুহূর্তে পিসি থেকে লক্ষ্যভেদ করে চতুর্থ গোলটি করেন ওয়ালিদ রানা।

বিরতির পরেও পাকিস্তানের আক্রমণের ধার অব্যাহত থাকে। ৩২তম মিনিটে সমন্বিত আক্রমণে সার্কেলের মধ্যে নির্বিঘ্নে লক্ষ্যভেদ করে পঞ্চম গোলটি করেন শহিদ হান্নান। ৩৪তম মিনিটে ম্যাচে স্বাগতিকদের প্রথম পিসি থেকে আশরাফুল ইসলামের ড্রাগ-ফ্লিক বাইরে চলে গেলে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হয়।

৫৩তম মিনিটে আফরাজের ফিল্ড গোলে স্কোর ৬-০ তে পৌঁছে যায়। ৫৭তম মিনিটে ওয়াহিদ আব্বাস রানা অতিথি দলের পক্ষে সপ্তম গোলটি করেন। খেলার ৫৯তম মিনিটে আম্মাদ বাট শেষ গোলটি করলে পাকিস্তানের বিশাল জয় নিশ্চিত হয়।