নভেম্বর ১৪, ২০২৫, ০৮:৩১ পিএম
আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে পরাজিত করার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন ফুরফুরে মেজাজে। সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে খানিকটা হাসি-ঠাট্টাও করলেন তিনি যা দেখে সহজেই বোঝা যাচ্ছিল এমন দারুণ জয়ের পর দলের ভেতরের পরিবেশ কতটা উজ্জীবিত।
এমন হাসিখুশি থাকার পেছনে শান্তর দুটি মূল কারণ কাজ করছে বলে মনে করা হচ্ছে—প্রথমত দলগত বা ইউনিট পারফরম্যান্সে এমন বিশাল ব্যবধানে ম্যাচ জয় এবং দ্বিতীয়ত নিজেও প্রত্যাশিত রানের দেখা পেয়েছেন।
এমন দারুণ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে নাজমুল হোসেন শান্ত সরাসরি জানিয়ে দিলেন এই অসাধারণ জয়ের কৃতিত্বটা সবারই প্রাপ্য।
আসলে এই ম্যাচে সবাইকে কৃতিত্ব না দিয়েও উপায় ছিল না। সিলেটের স্পোর্টিং উইকেটে দলের ব্যাটে-বলে পারফর্ম করেছেন সবাই। ব্যাট হাতে পাহাড়সম স্কোর করার আগে-পরে বল হাতেও নিজেদের সেরাটা দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। দুই ইনিংসেই আয়ারল্যান্ডকে অল্প রানে আটকে দেওয়ার মূল কৃতিত্ব বোলারদের এবং একমাত্র ইনিংসে ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ ৫৮৭ রানের বিশাল সংগ্রহ পেয়েছিল।
এ নিয়ে অধিনায়ক শান্ত বলেন তিনি ব্যাটারদের পাশাপাশি স্পেশালি বোলারদেরও কৃতিত্ব দেবেন। ব্যাটারদের কৃতিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, দেখেন, যে কজন রান করেছে জয় ১৭০, মুমিনুল ভাই ৮০, সাদমান ৮০, প্রত্যেকটা শট যখন তারা ম্যাচে খেলেছে, সবগুলো এক্সিকিউট করা লেগেছে। তিনি স্মরণ করিয়ে দেন, এক্সিকিউশন না হলে কিন্তু আউট হয়ে যেত এবং আমরা কিন্তু এর আগে জিম্বাবুয়ের সঙ্গে এখানে হেরে গিয়েছিলাম।
বোলিং ইউনিট প্রসঙ্গে শান্তর ভাষ্য ছিল, বোলিং ইউনিট প্রত্যেকটা জায়গায় আমাদের ওই প্ল্যানটা এক্সিকিউট করা লেগেছে এবং যেটা আমরা করতে পেরেছি, এটা শুধু যে প্রতিপক্ষের দুর্বলতার কারণে তা না, যদি প্রপার স্কিল না থাকে বা মেন্টালিটি যদি ঠিক না থাকে, এটা করা সম্ভব না। তাই আমার মনে হয় যে এই অসাধারণ জয়ের পুরো ক্রেডিটটা ব্যাটিং এবং বোলিং ইউনিটকেই দেওয়া উচিত।
সিলেট টেস্টে এমন দারুণ জয়ের পর অধিনায়ক শান্তর লক্ষ্য এখন মিরপুরেও জয় নিশ্চিত করা। তিনি বলেন বিশেষত মুশফিকুর রহিমের শততম টেস্ট বলে তারা আরও বেশি করে জয় চাচ্ছেন। এ নিয়ে শান্ত বলেন, অবশ্যই এটি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং প্লেয়ার হিসেবে আমরা চাই ওই দিন বা পুরো পাঁচটি দিন আমরা উপভোগ করব। উল্লেখ্য গত জুনে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেওয়া শান্ত এই জয় দিয়ে নিজের অধিনায়কত্বের দ্বিতীয় দফা শুরু করলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন