নভেম্বর ১৫, ২০২৫, ১১:৪৯ এএম
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের আধিপত্য বজায় রেখে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে জার্মানি। শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে গ্রুপের সবচেয়ে দুর্বল ও পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লুক্সেমবার্গকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন তরুণ ফরোয়ার্ড নিক ভোল্টেমেড। তার জোড়া গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা।
এই জয়ের ফলে ২০২৬ বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে গেল জার্মানরা।ম্যাচের প্রথমার্ধে দুর্বল প্রতিপক্ষ লুক্সেমবার্গ শক্তিশালী জার্মানিকে বেশ ভালোভাবেই আটকে রেখেছিল।
বিরতির আগ পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই খোলস ছেড়ে বেরিয়ে আসে জার্মানি এবং আক্রমণের ঝড় তোলে। ম্যাচের ৪৯ মিনিটে ডেডলক ভাঙেন নিক ভোল্টেমেড। এরপর আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের ৬৯ মিনিটে অর্থাৎ প্রথম গোলের ঠিক ২০ মিনিট পর নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ২৩ বছর বয়সী এই উদীয়মান তারকা।
টানা চার জয়ের পরেও বিশ্বকাপের চূড়ান্ত টিকিট নিশ্চিত করতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে জার্মানদের। 'এ' গ্রুপে ৫ ম্যাচে ৪ জয়ে জার্মানির সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ম্যাচে স্লোভাকিয়ার ঝুলিতেও রয়েছে ১২ পয়েন্ট। উল্লেখ্য, বাছাইপর্বের শুরুতে এই স্লোভাকিয়ার কাছেই হেরেছিল জার্মানি। কাকতালীয়ভাবে শেষ ম্যাচে তাদেরই মুখোমুখি হতে হচ্ছে। সেই অগ্নিপরীক্ষায় জয় বা ড্র করলেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে জার্মানি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন