শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

বিশ্বকাপে নাম লিখিয়ে ইতিহাস গড়ল কুরাসাও

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৫, ১১:০৫ এএম

বিশ্বকাপে নাম লিখিয়ে ইতিহাস গড়ল কুরাসাও

উত্তর আমেরিকার ছোট দ্বীপরাষ্ট্র কুরাসাও আন্তর্জাতিক ফুটবলে নতুন করে ইতিহাস গড়ল। প্রথমবারের মতো তারা বিশ্বের সর্ববৃহৎ আসর বিশ্বকাপের মঞ্চে নিজেদের নাম লিখিয়েছেন। এই সাফল্যের মধ্য দিয়ে দেশটি বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে কেপ ভার্দের পর ৪৮ দলের বিশ্বসেরার মঞ্চে স্থান করে নিল।

কুরাসাও এর আগে ফুটবলের মানচিত্রে তেমন পরিচিত ছিল না। তবে এবার তারা নিজেরাই নিজেদের ইতিহাস তৈরি করল। গত শুক্রবার রাতে হ্যামিল্টনে বারমুডাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েই কুরাসাও এক অর্থে ২০২৬ বিশ্বকাপে এক পা দিয়েই রেখেছিল।

আজ জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করেই দেশটি আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

আয়তনে মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার এবং ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার এই দেশটির জন্য এই অর্জন নিঃসন্দেহে বিশাল।কুরাসাও কনক্যাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘এইচ’ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মিশন শেষ করে। বাছাইপর্বে তারা মোট ছয় ম্যাচে ৩টি জয় ও ৩টি ড্রয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। মাত্র এক পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে জ্যামাইকা, যাদের পয়েন্ট ১১।

বাছাইপর্বের পথ কুরাসাও এর জন্য মিশ্র ছিল। তারা প্রথম ম্যাচে ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিপক্ষে গোলশূন্য ড্র করে। এরপর দ্বিতীয় ম্যাচে বারমুডার বিপক্ষে ৩-২ গোলে এবং তৃতীয় ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায়। চতুর্থ ম্যাচে ২-২ গোলে ড্র করে কুরাসাও। তবে বারমুডাকে ৭-০ গোলে বিধ্বস্ত করার পর জ্যামাইকার বিপক্ষে আজকের গোলশূন্য ড্র নিশ্চিত করে তাদের ঐতিহাসিক স্বপ্নযাত্রা। ফুটবলের এই বড় আসরে কুরাসাও-এর অংশগ্রহণ বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।