নভেম্বর ১৯, ২০২৫, ০৩:৪৮ পিএম
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে চা বিরতি পর্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। আইরিশ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের তোপের মুখে পড়লেও মোমিনুল হক এবং নিজের শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।
দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯২ রান।চা বিরতিতে যাওয়ার সময় মোমিনুল হক ৬২ রানে এবং মুশফিকুর রহিম ৪৮ রানে অপরাজিত ছিলেন।
দলের বিপর্যয়ে হাল ধরা মোমিনুল হক তার ক্যারিয়ারের ২৪তম অর্ধশতক তুলে নেন। তবে এই ইনিংস খেলার পথে তিনি দুবার জীবন পেয়েছেন। ব্যক্তিগত ২৩ রানে কেইড কারমাইকেল তার ক্যাচ মিস করেন এবং ৪৯ রানে স্লিপে পল তার ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন।
ভাগ্যের সহায়তায় মোমিনুল ও মুশফিক লাঞ্চের পর আইরিশ বোলারদের ভালোভাবেই সামাল দেন।এর আগে দিনের প্রথম সেশনটি ছিল অ্যান্ডি ম্যাকব্রাইনের দখলে। বাংলাদেশের পতন হওয়া তিনটি উইকেটই তিনি শিকার করেন। সকালে বিসিবির পক্ষ থেকে মুশফিকুর রহিমকে তার শততম টেস্ট উপলক্ষ্যে সংবর্ধনা দেওয়ার পর ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম দলকে ভালো শুরু এনে দেন।
তাদের উদ্বোধনী জুটিতে অর্ধশতক পার হলেও সাদমান ৩৫ রান করে ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হন। এরপর মাহমুদুল হাসান জয়ও ম্যাকব্রাইনের শিকারে পরিণত হন।অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাল্টা আক্রমণের চেষ্টা করে একটি ছক্কা হাঁকালেও মাত্র ৮ রান করে ম্যাকব্রাইনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তবে এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং মোমিনুল হকের অবিচ্ছিন্ন জুটিতে দিনশেষে বড় স্কোরের স্বপ্ন দেখছে বাংলাদেশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন