নভেম্বর ১৯, ২০২৫, ১১:২১ পিএম
ইউরোপিয়ান বাছাইপর্বের রোমাঞ্চকর রাতে স্পেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড এবং অস্ট্রিয়াসহ মোট পাঁচটি দেশ সরাসরি বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে। এর ফলে ইউরোপের মোট ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল।
এর আগে নরওয়ে, নেদারল্যান্ডস ও জার্মানির মতো শক্তিশালী দলগুলোও তাদের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করেছিল।
এই রাতে সবচেয়ে বড় ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে স্কটল্যান্ড। দেশটি সবশেষ বিশ্বকাপ খেলেছিল সেই ১৯৯৮ সালে। বাছাইপর্বের লড়াইয়ে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে বিশ্বকাপ মঞ্চে ফের স্থান করে নিল স্কটিশরা।
মঙ্গলবার রাতে বাকি দলগুলোর যোগ্যতা অর্জনের চিত্র ছিল নিম্নরূপ: সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন তুরস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করে ‘ই’ গ্রুপ থেকে তাদের স্থান নিশ্চিত করেছে। বেলজিয়াম দুর্বল লিচেনস্টাইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ‘জে’ গ্রুপ থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে। অন্যদিকে, সুইজারল্যান্ড কসোভোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ‘বি’ গ্রুপ থেকে মূল পর্বের টিকিট কেটেছে এবং অস্ট্রিয়া বসনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ‘এইচ’ গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ লাভ করেছে।
ইউরোপীয় বাছাইপর্বের লড়াই এখনো শেষ হয়নি। সরাসরি যোগ্যতা অর্জনকারী এই ১২টি দল ছাড়াও মহাদেশটি থেকে আরও চারটি দল বিশ্বকাপে যাবে প্লে-অফ খেলে। এই দলগুলো প্লে-অফ রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে বিশ্বকাপের বাকি চারটি স্লট পূরণ করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন