শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

বিপিএল : বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০৩:৫২ পিএম

বিপিএল : বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-কে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে সবাইকে তাক লাগিয়ে বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস। খেলোয়াড় তালিকা ভারী করার পর এবার টিম ম্যানেজমেন্টেও তারা যুক্ত করল বিশ্বমানের তারকাকে। পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে আসন্ন বিপিএলের জন্য মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস।

শোয়েব আখতারের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তারা লিখেছে, "গতির সঙ্গে কৌশলের মেলবন্ধন। আমাদের মেন্টর—শোয়েব আখতার। শুরু হোক গর্জন!"

শক্তিশালী দল গঠন নিলামের আগেই সরাসরি চুক্তিতে স্থানীয় ও বিদেশি তারকাদের দলে ভিড়িয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ঢাকা। দেশি তারকাদের মধ্যে পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার সাইফ হাসানকে আগেই নিশ্চিত করেছে তারা। এছাড়া বিদেশি রিক্রুট হিসেবে থাকছেন বিশ্বকাপজয়ী ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। এবার ডাগআউটে শোয়েব আখতারের উপস্থিতি দলের মনোবল বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের নতুন অধ্যায় খেলোয়াড়ি জীবনে নিজের বিধ্বংসী গতির জন্য 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' নামে বিশ্বজুড়ে খ্যাতি কুড়িয়েছেন শোয়েব আখতার। ক্রিকেট থেকে অবসরের পর তিনি কোচিংয়ে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন একাধিকবার। যদিও পাকিস্তানের ঘরোয়া লিগে কোচিং করানোর কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। তবে ক্রিকেট বিশ্লেষক এবং জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তিনি সবসময়ই আলোচনায় ছিলেন। এবার বিপিএলের মঞ্চে মেন্টর হিসেবে তার নতুন এই পথচলা ঢাকার সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।