নভেম্বর ২০, ২০২৫, ০৬:৫৯ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, ঢাকার বাইরে আমরা ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই। এজন্য আমরা সারা দেশের জেলাগুলোতে ক্রিকেটের অবস্থান জানতে পরিদর্শনে নেমেছি।
আগের তুলনায় ক্রিকেট বোর্ডের সার্বিক অবস্থা অনেকটাই ভালো।বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পরিদর্শনকালে আসিফ আকবর ঐতিহাসিক এই বড় মাঠের ভূয়সী প্রশংসা করে বলেন, "দেশের বহু স্থানে আমি গিয়েছি, কিন্তু এ ধরনের মাঠ আমার চোখে পড়েনি। এই মাঠটি হলো খেলাধুলার জন্য একটি উপযুক্ত স্থান।"
তিনি বাংলাদেশের সুনামধন্য ক্রিকেটার মুশফিকুর রহমানের শততম টেস্ট ক্রিকেটের উদাহরণ দিয়ে বলেন, "এ ধরনের মাঠ থেকেই শত শত মুশফিকুর রহমান তৈরির সুযোগ রয়েছে।"আসিফ আকবর এ জন্য দিনাজপুর ও আঞ্চলিক ক্রিকেট উন্নয়নের স্বার্থে স্কোর বোর্ড, নেট, বোলিং মেশিন সহ প্রয়োজনীয় সকল উপকরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি ক্রিকেট প্রতিযোগিতা ও টুর্নামেন্টের পূর্বে বেশি বেশি করে প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি জানান, দিনাজপুর বড় মাঠে কেবল মাঠটিই রয়েছে, অন্য কোনো সুযোগ-সুবিধা নেই। ক্রিকেট খেলতে যে সব অবকাঠামোগত সুবিধা দরকার, জেলা কমিটি বিসিবিকে জানালে তা দ্রুত ব্যবস্থা করা হবে।তিনি আরও বলেন, দিনাজপুরের কিছু নির্দিষ্ট চাহিদা, বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী সংস্কারসহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শিগগিরই বিসিবির মাধ্যমে পাবে।
তিনি আরও বলেন, বয়স ভিত্তিক ক্রিকেট লীগ এবং টুর্নামেন্টগুলো সময় মতো হতে হবে। এজন্য ক্রিকেট বোর্ড থেকে নিয়মিত মনিটরিং করা হবে। পরবর্তীতে ২১ এবং ২৩ বয়স ভিত্তিক খেলার জন্য প্রস্তুতি নেওয়া হবে।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হাসানুজ্জামান, জিডি (জেলা ক্রীড়া?) সদস্য সচিব আরমানুল ইসলাম এবং ক্রিকেট কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন