নভেম্বর ২৩, ২০২৫, ১২:১০ পিএম
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিতর্ক ও দোলাচল অব্যাহত রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাথমিক পর্যায়ে ১০টি অঞ্চলের নাম প্রকাশ করলেও, এবার গুঞ্জন উঠেছে যে বিপিএলে দল বাড়িয়ে আরও একটি নতুন নাম যুক্ত করা হতে পারে।
আলোচনায় সেই নতুন নাম হলো নোয়াখালী।শুরুর দিকে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড, যদিও প্রাথমিক যাচাই–বাছাই শেষে তারা বাদ পড়ে যায়। তবে মাসখানেকের ব্যবধানে ফের নোয়াখালীর বিপিএলে যুক্ত হওয়ার গুঞ্জন উঠেছে।
গুঞ্জন অনুযায়ী, ব্যাংক গ্যারান্টি না দেওয়া এবং অন্যান্য ইস্যুতে ট্রায়াঙ্গল সার্ভিসেসের মালিকানাধীন চট্টগ্রাম রয়্যালসকে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যদিও আনুষ্ঠানিকভাবে বিসিবি এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। ২৩ নভেম্বর থেকে বিপিএলের নিলাম ৩০ নভেম্বর নেওয়া হলে গুঞ্জন ওঠে চট্টগ্রাম রয়্যালসের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিপিএল গভর্নিং কাউন্সিল।তবে বিসিবির আরেকটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম রয়্যালসকে বাদ না দিয়ে বরং আরও একটি দল বাড়ানো হচ্ছে, যেখানে প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হতে যাচ্ছে নোয়াখালী।
তাদের মালিকানায় দেখা যেতে পারে দেশ ট্রাভেলসকে। গুঞ্জন আছে, বিপিএলে তারা নোয়াখালী এক্সপ্রেস হিসেবে অংশগ্রহণ করতে পারে।সবমিলিয়ে, নোয়াখালী ৬ নম্বর দল হিসেবে যুক্ত হবে নাকি চট্টগ্রাম রয়্যালসের জায়গা নেবে, তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে বিপিএলের নিলাম আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন