নভেম্বর ২৩, ২০২৫, ০৮:৩৪ পিএম
ছয় বছর আগে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা হাতে ছুঁয়েও না পাওয়ার যে ব্যথাটা রয়ে গিয়েছিল, আজ তার প্রতিশোধ নেওয়ার সুযোগ। নাম বদলে রাইজিং স্টারস এশিয়া কাপ, মঞ্চ কাতারের দোহা, আর সামনে সেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। রোমাঞ্চকর এই ফাইনালের শুরুতেই টস ভাগ্য সঙ্গী হয়েছে বাংলাদেশের।
রোববার (২৩ নভেম্বর) ফাইনাল ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ 'এ' দল। তারা পাকিস্তান শাহিনসকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে শিরোপার লড়াই শুরু করেছে।
২০১৯ সালের ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ৭৭ রানের হারে তরুণ শান্ত-আফিফদের চোখের সামনে ভেঙেছিল স্বপ্ন।
২০২৫ সালে এসে ইতিহাস আবার দুই দলের সামনে দাঁড়িয়েছে। ব্যাট হাতে নামার আগেই ম্যাচ তাই পেয়েছে প্রতীক্ষার রসদ—একদিকে অতীতের ক্ষত, অন্যদিকে ইতিহাস গড়ার হাতছানি।পাকিস্তানের অধিনায়ক মাজ সাদাকাত টুর্নামেন্টজুড়ে ছিলেন প্রায় অপ্রতিরোধ্য। চার ম্যাচে ২৩৫ রানের গড় নিয়ে তিনি রানের তালিকায় শীর্ষে ওঠার অপেক্ষায় (দরকার মাত্র ৫ রান)। অন্যদিকে বাংলাদেশের শক্তির কেন্দ্রবিন্দু বোলার রিপন মণ্ডল।
ভারতের বিপক্ষে সেমিফাইনালে সুপার ওভারে কোনো রান না দিয়ে দুই ব্যাটারকে ফিরিয়ে এনে যে আলোচনার জন্ম দিয়েছেন, তা টুর্নামেন্টেরই অন্যতম সেরা মুহূর্ত। তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে লিডিং উইকেটশিকারির তালিকার শীর্ষে আছেন।
ব্যাট হাতে বিস্ফোরক ভূমিকা রাখছেন হাবিবুর রহমান সোহান, যার ব্যাটে পুরো টুর্নামেন্টে রান এসেছে ২০২। হংকংয়ের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকানো সোহানের ব্যাটই ফাইনালে এনে দিতে পারে কাঙ্ক্ষিত শুরুর ছন্দ। দোহায় তাই শুরু হয়েছে নতুন লড়াই—অতীতের ক্ষত মুছে ভবিষ্যতের স্বপ্ন লেখার লড়াই।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন