শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ১০:৪১ পিএম

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনাল যেন পুরোপুরি লাল-সবুজের নিয়ন্ত্রণে। ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ফাইনাল মঞ্চে রোববার এক অনায়াস দিন কাটাল বাংলাদেশ ‘এ’ দল।

প্রথম ওভার থেকেই চাপ তৈরি করে শেষ বল পর্যন্ত আধিপত্য বজায় রেখে পাকিস্তান শাহিন্সকে মাত্র ১২৫ রানে গুটিয়ে দিয়ে বোলিংয়ে একতরফা দাপট দেখাল তরুণ টাইগাররা। শিরোপা জিততে আকবর আলীর দলের দরকার এখন ১২৬ রান।

নিংসের প্রথম ডেলিভারিতেই ওপেনার ইয়াসির খানকে দারুণ থ্রোয়ে রানআউট করেন আবদুল গাফফার সাকলাইন। এরপর মোহাম্মদ ফাইকের দ্বিতীয় বলেই বোল্ড—মাত্র ১.১ ওভারে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২/২।

ঘাজি ঘোরি (৯) ও মাজ সাদাকাত ২৩ রানের একটি ছোট্ট জুটি গড়লেও, ঘোরিকে ফিরিয়ে দেন রাকিবুল হাসান, আর টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক সাদাকাতকে (২৩) থামান জিশান আলম। মাত্র সাত ওভার শেষে ৪৯/৪—শাহিনস তখন পুরোপুরি চাপে।এরপর আরাফাত মিনহাস (২৫) ও অধিনায়ক ইরফান নিআজি কিছুটা লড়াই চালালেও সেই জুটিতেও ভাঙন ধরান সাকলাইন। লোয়ার অর্ডার ভেঙে পড়ে রিপন মণ্ডলের ঘূর্ণিতে।

শাহিদ আজিজকে (৯) এলবিডব্লিউ করার পর পরপর ফেরান সাদ মাসুদ ও উবাইদ শাহকে—রিপনের ৩ উইকেটেই পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায়। শেষ বলে দানিয়াল রানআউট হলে পুরো দল অলআউট হয় ১২৫ রানে।পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি প্রতিরোধ দেখান সাদ মাসুদ, যিনি তিন ছক্কা ও তিন চারে ২৬ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন এবং দলকে ১০০ পেরোতে সাহায্য করেন। বাংলাদেশ 'এ' দলের সামনে এখন ফাইনাল জয়ের সুবর্ণ সুযোগ। ব্যাট হাতে স্বচ্ছন্দ ইনিংস খেলতে পারলে এই ম্যাচটিও দোহা সন্ধ্যায় স্মরণীয় হয়ে থাকবে লাল-সবুজের ক্রিকেটে।