নভেম্বর ২৪, ২০২৫, ১০:২৫ এএম
জুড বেলিংহামের গোল ও অ্যাসিস্টে শেষ মুহূর্তে রক্ষা পেল রিয়াল মাদ্রিদ। এলচের মাঠে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২–২ গোলে ড্র করেছে জাবি আলোনসোর দল। তবে এই ড্র-ই যথেষ্ট হয়েছে তাদের লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের জন্য। রবিবার এস্তাদিও মানুয়েল মার্টিনেস ভালেরোতে অনুষ্ঠিত ম্যাচটির দ্বিতীয়ার্ধেই আসে সবকটি গোল।
ম্যাচের ৫৩তম মিনিটে আলেইক্স ফেবাসের গোলে এগিয়ে যায় এলচে। এরপর দ্রুতই চাপ বাড়িয়ে রিয়াল আক্রমণে যায় এবং ৭৮ মিনিটে জুড বেলিংহামের হেড থেকে ডিন হুইসেনের গোলে সমতায় ফেরে।
কিন্তু এর ছয় মিনিট পরই আবার পিছিয়ে পড়ে রিয়াল। ৮৪তম মিনিটে আলভারো রদ্রিগেজ নিচু শটে কুর্তোয়াকে পরাস্ত করে এলচেকে ২–১ এ এগিয়ে দেন।
ম্যাচটি যখন প্রায় রিয়ালের হাতছাড়া, তখনই ৮৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের কাট-ব্যাক ধরে নিখুঁত শটে গোল করে দলকে সমতায় ফেরান বেলিংহাম। লা লিগায় শেষ চার ম্যাচে এটি ছিল তার তৃতীয় গোল।যোগ করা সময়ের সপ্তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এলচে ডিফেন্ডার ভিক্টর চুস্ট, এরপর ১০ জন নিয়ে বাকি সময় কাটাতে হয় স্বাগতিকদের।
প্রথমার্ধে এমবাপ্পে কয়েকটি নিশ্চিত সুযোগ পেয়েও গোলের দেখা পাননি। অন্যদিকে রিয়াল গোলকিপার কুর্তোয়া দু’বার বাঁচান রিয়ালকে। এই ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে আবারও টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। ১৩ ম্যাচে ১০ জয় নিয়ে লস ব্লাঙ্কোরা এখন ৩১ পয়েন্টে। তারা এক ম্যাচ কম খেলা বার্সেলোনা থেকে এক পয়েন্ট এগিয়ে রইল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন