নভেম্বর ২৪, ২০২৫, ১০:৪৪ এএম
লিওনেল মেসি আরও একবার প্রমাণ করলেন, তিনিই মিয়ামির ইতিহাস গড়ার কারিগর। আর্জেন্টাইন তারকার গোল ও হ্যাটট্রিক অ্যাসিস্টে প্রথমবারের মতো এমএলএস (মেজর লিগ সকার) কাপের ফাইনালে উঠল ইন্টার মিয়ামি।
ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে এফসি সিনসিনাটিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে হাভিয়ার মাসচেরানোর দল।
ম্যাচটিকে আর্জেন্টিনাময় বললেও ভুল হবে না। কেননা, এই ম্যাচে মিয়ামির সবক’টি গোল-অ্যাসিস্ট এসেছে আর্জেন্টাইনদের সৌজন্যে।মেসি: একটি গোলের সঙ্গে হ্যাটট্রিক অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি।
তাদিও আলেন্দে: জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন উইঙ্গার।
মাতেও সিলভেত্তি: একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।
প্রতিপক্ষের মাঠে ১৯তম মিনিটে হেডে দলকে এগিয়ে নেন মেসি। এই গোলে এমএলএসে এই মৌসুমে মেসির গোল হলো ৩৫টি, যা সবশেষ আট ম্যাচে ১১টি। এই ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিয়ামি।দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিলভেত্তি। ৬২তম মিনিটে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন আলেন্দে। দ্রুত পাল্টা আক্রমণে মেসির নিখুঁত থ্রু-পাস ধরে আলেন্দে নিচের বাম কোণে বল পাঠান। এরপর ৭৪ মিনিটে ফের স্কোরশিটে নাম লিখিয়ে ব্যবধান ৪-০ করেন ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন উইঙ্গার।
এই ম্যাচে তিন অ্যাসিস্টে ফুটবল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হলেন মেসি। মেসির মোট অ্যাসিস্টের সংখ্যা ৪০৪টি, যা কিংবদন্তি ফেরেঞ্চ পুসকাসের সমান। আর মাত্র ১টি অ্যাসিস্ট করলেই পুসকাসকে ছাড়িয়ে যাবেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। লিগে এ নিয়ে তার অ্যাসিস্টের সংখ্যা এখন ২৫টি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন