শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

বিপিএল: বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ১০:২৫ এএম

বিপিএল: বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলকে সামনে রেখে শুরু থেকেই শক্তিশালী দল গঠনের দিকে নজর দিয়েছে ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে কিছু তারকা ক্রিকেটারকে দলে ভেড়ানোর পাশাপাশি নিলামেও দক্ষতার পরিচয় দিয়েছে তারা।

এবার পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে ভিড়িয়ে আরও একটি বড় চমক দেখালো ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

ইমাদ ওয়াসিমের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ঢাকা ক্যাপিটালসের মিডল অর্ডার ও বোলিং আক্রমণকে আরও ভারসাম্যপূর্ণ করবে।

কারণ টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ অভিজ্ঞ ক্রিকেটার হলেন এই পাক অলরাউন্ডার। এখন পর্যন্ত তিনি ৪১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ৪৩২৭ রান করার পাশাপাশি তিনি বল হাতে উইকেট শিকার করেছেন ৩৭৭টি। দলের প্রয়োজনে যেমন ব্যাট হাতে দ্রুত রান তোলার সক্ষমতা তার রয়েছে, তেমনি স্পিন বোলিংয়েও তিনি বেশ দক্ষ। এর আগে ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তিতে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার সাইফ হাসানকে দলে নিয়েছিল।

বিদেশি ক্রিকেটার হিসেবে তারা অ্যালেক্স হেলস এবং উসমান খানের মতো পরীক্ষিত তারকাদের সঙ্গে চুক্তি করে নিজেদের ভিত্তি শক্ত করে।ইমাদ ওয়াসিমের সামগ্রিক টি-টোয়েন্টি পরিসংখ্যান দারুণ হলেও, বিপিএলে তার পূর্বের পারফরম্যান্সে কিছুটা ভিন্নতা দেখা যায়। তিনি বাংলাদেশের এই টুর্নামেন্টে ১৩টি ম্যাচ খেলেছেন এবং সেখানে ১৪টি উইকেট নিয়েছেন, যা তার বোলিং দক্ষতার প্রমাণ। তবে ব্যাট হাতে তিনি সাফল্যের দেখা পাননি।

সাতটি ইনিংসে ইমাদের ব্যাট থেকে এসেছে মাত্র ৬৩ রান, যেখানে তার গড় ছিল ১২ এবং স্ট্রাইকরেট ছিল একশোর অনেক নিচে। তবুও তার বিশ্বব্যাপী অভিজ্ঞতা এবং অলরাউন্ড নৈপুণ্যের ওপর ভরসা রাখছে ঢাকা ক্যাপিটালস। নিলাম থেকে শামীম পাটোয়ারী, সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম এবং দাসুন শানাকার মতো খেলোয়াড়দের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করেছে ঢাকা, যেখানে ইমাদ ওয়াসিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সংযোজন দলের শিরোপা জয়ের স্বপ্নকে আরও বাড়িয়ে তুলবে।