ডিসেম্বর ৫, ২০২৫, ০৭:৪৯ পিএম
আর মাত্র কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে প্রথমবারের মতো খেলবে ৪৮টি দল। এরই মধ্যে আসন্ন এই বৈশ্বিক আসরে ৪২ দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
বাকি ছয়টি দল প্লে-অফ ম্যাচ শেষে চূড়ান্ত হবে। ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার পর আজ সেই মাহেন্দ্রক্ষণ। শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র।
বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এই ড্র অনুষ্ঠান। ড্রয়ের ভেন্যু হলো ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস।
জানা গেছে, এই আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বহু আন্তর্জাতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। ফুটবলপ্রেমীরা তাদের হাতে থাকা স্মার্টফোন কিংবা যেকোনো ডিভাইসে এই জমকালো ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন। মোবাইলে ড্র অনুষ্ঠানটি দেখার সবচেয়ে সহজ উপায় হলো ফিফার অফিশিয়াল ওয়েবসাইট এবং ফিফার ইউটিউব চ্যানেল। এই দুটি প্ল্যাটফর্মেই ড্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
ড্রয়ের নিয়মনীতি অনুযায়ী, চারটি পট থেকে একটি করে দল নিয়ে একটি করে গ্রুপ নির্ধারণ হবে। তবে কনফেডারেশন-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ ও উত্তর আমেরিকার দুটি দল একই গ্রুপে পড়তে পারবে না। ইউরোপের যেহেতু ১৬টি দল খেলবে, তাই একই গ্রুপে ইউরোপের দল একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, এই বিশ্বকাপে যৌথ আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রসহ মোট ৪২টি দল ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাকি ছয়টি দল আগামী মার্চে ২২ দলের প্লে-অফ শেষে চূড়ান্ত হবে। এই ড্র-এর মাধ্যমেই খেলার সবচেয়ে বড় এই আসরের পথচলা শুরু হতে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন