সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চ্যাম্পিয়ন হকি দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ১০:৩৭ পিএম

চ্যাম্পিয়ন হকি দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ যুব হকি দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার এক বার্তায় তিনি এই সাফল্যকে জাতির জন্য অত্যন্ত গর্বের বলে অভিহিত করেন।

তিনি মনে করেন, খেলোয়াড়দের এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও উজ্জ্বল করেছে।প্রধান উপদেষ্টা বলেন, খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সংহতি এবং অদম্য মনোবলের মাধ্যমেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, তরুণ খেলোয়াড়দের শক্তি, কোচিং স্টাফের নিষ্ঠা এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে, যা ভবিষ্যতে বাংলাদেশের হকি খেলাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।

এই সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন প্রফেসর ইউনূস। তিনি হকি দলের উদ্দেশে বলেন, উন্নতি ও উৎকর্ষতার এই ধারাকে ধরে রেখে যুবদের সামনে আরও বৃহৎ সাফল্য অর্জনের সুযোগ রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ যুব হকি দল সোমবার ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে অস্ট্রিয়াকে ৫-২ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া আট দলের মধ্যে স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে 'চ্যালেঞ্জার ট্রফি' নাম দিয়েছে।