শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

মাঠেই অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকা ক্যাপিটালসের কোচ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০১:০১ পিএম

মাঠেই অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকা ক্যাপিটালসের কোচ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ শুরুর আগেই এক অনাকাঙ্ক্ষিত ও আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার টস হওয়ার পরপরই হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন ঢাকার কোচ মাহবুব আলী জ্যাকি।

শনিবার (২৭ ডিসেম্বর) ম্যাচ শুরুর প্রাক্কালে মাঠের হোম ড্রেসিংরুমের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোচ জ্যাকি হঠাৎ করেই মাটিতে পড়ে যান।

পরিস্থিতি বেগতিক দেখে দুই দলের ফিজিওরা দ্রুত সেখানে ছুটে যান। প্রেসবক্স থেকে দেখা যায়, তাকে জরুরি ভিত্তিতে সিপিআর (CPR) দেওয়া হচ্ছে। এতে মাঠজুড়ে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়েছেন। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিলেটের একটি স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল বা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি

ম্যাচ শুরুর আগে এমন ঘটনায় ঢাকা ক্যাপিটালস শিবিরে বিষণ্ণতা নেমে এসেছে। বিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, কোচের চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।