ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:২৯ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের মাঝপথে বড় দুশ্চিন্তার হাত থেকে রক্ষা পেল চট্টগ্রাম রয়্যালস। দলের অন্যতম প্রধান অস্ত্র বাঁহাতি পেসার শরিফুল ইসলাম অনুশীলনের সময় মাথায় আঘাত পেলেও চিকিৎসকরা তাঁকে বর্তমানে শঙ্কামুক্ত ঘোষণা করেছেন।
রোববার সিলেট আউটার মাঠে অনুশীলনের প্রস্তুতি নেওয়ার সময় অনাকাঙ্ক্ষিতভাবে এক সতীর্থের সঙ্গে ধাক্কা খান শরিফুল। এতে তাঁর মাথায় চোট লাগলে তাৎক্ষণিকভাবে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে মাথার স্ক্যান করা হয়। পরে জানা যায়, আঘাত গুরুতর নয় এবং স্ক্যান রিপোর্টে কোনো অভ্যন্তরীণ সমস্যা ধরা পড়েনি।
শরিফুলের অবস্থা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। তিনি জানান, “সবকিছু এখন স্বাভাবিক আছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্ক্যান করানো হয়েছিল, যেখানে কোনো সমস্যা মেলেনি।” হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে শরিফুল বর্তমানে টিম হোটেলে বিশ্রামে আছেন। তবে আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) রংপুর রাইডার্সের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে তিনি মাঠে নামবেন কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ।শরিফুলের ইনজুরির উদ্বেগের মাঝেই সুখবর দিয়েছে চট্টগ্রাম রয়্যালস।
শক্তি বাড়াতে তারা দলে ভিড়িয়েছে নতুন চার ক্রিকেটারকে। দেশি ওপেনার সাদমান ইসলাম ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এছাড়া শীঘ্রই যোগ দিচ্ছেন তিন পাকিস্তানি রিক্রুট—আমির জামাল, আসিফ আলী ও হাসান নাওয়াজ।চট্টগ্রামের উদ্বোধনী ম্যাচে নজরকাড়া বোলিং করা শরিফুল ইসলামের সুস্থতা এখন দলটির জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, কালকের গুরুত্বপূর্ণ ম্যাচে এই পেসারকে আবারও মাঠে দেখা যাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন