ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:৫৯ পিএম
সৌদি প্রো লিগের ম্যাচে অদ্ভুত এক গোল দিয়ে বছর শেষ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের জার্সিতে সতীর্থের শট পিঠে লেগে হওয়া গোলটি তাঁকে ব্যক্তিগত অর্জনে নতুন উচ্চতায় নিয়ে গেলেও, একইসঙ্গে সমাপ্তি ঘটল তাঁর এক ঐতিহাসিক ধারাবাহিকতার।
২০২৫ সালে কোনো হ্যাটট্রিক ছাড়াই বছর শেষ করায় থেমে গেল রোনালদোর টানা ১৪ বছরের ‘হ্যাটট্রিক’ সাম্রাজ্য।
২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত—টানা ১৪ বছর ধরে প্রতি বছর অন্তত একটি হ্যাটট্রিক করার অসাধারণ রেকর্ড ছিল রোনালদোর দখলে। সর্বশেষ ২০২৪ সালে আল ওয়েহদার বিপক্ষে ৬-০ ব্যবধানের জয়ে তিনি হ্যাটট্রিক করেছিলেন।
তবে ২০২৫ সালে একাধিক ম্যাচে জোড়া গোল (ব্রেস) পেলেও সেই কাঙ্ক্ষিত তৃতীয় গোলটি আর ধরা দেয়নি। এমনকি সাম্প্রতিক এক ম্যাচে সম্ভাব্য হ্যাটট্রিক গোলটিও ভিএআর বাতিল করে দেয়। ফলে এই বছর হ্যাটট্রিকহীনভাবেই মাঠ ছাড়তে হলো ‘সিআরসেভেন’কে।হ্যাটট্রিকের আক্ষেপ থাকলেও ৪০ বছর বয়সে রোনালদোর পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। ২০২৫ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি মোট ৪১টি গোল করেছেন। এর মাধ্যমে তিনি টানা তৃতীয় ক্যালেন্ডার বছরে ৪০+ গোলের মাইলফলক স্পর্শ করলেন।
তাঁর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৫৭-এ। অর্থাৎ, ফুটবল ইতিহাসের অবিশ্বাস্য ১০০০ গোলের মাইলফলক থেকে তিনি আর মাত্র ৪৩ গোল দূরে।মঙ্গলবার আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচে জোয়াও ফেলিক্সের শট রোনালদোর পিঠে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। মুহূর্তেই শুরু হয় তাঁর ট্রেডমার্ক ‘সিউ’ উদযাপন। ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়, যার ফলে আল নাসরের টানা ১০ ম্যাচের জয়ের ধারাও থেমে যায়। জয় হাতছাড়া হলেও দলের কোচ জর্জ জেসুস পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন।
চল্লিশের কোটা পেরিয়েও রোনালদোর গোলের ক্ষুধা ও প্রতিযোগিতার তীব্রতা প্রমাণ করে, হ্যাটট্রিকের রেকর্ড থামলেও তিনি এখনও বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন