জানুয়ারি ৪, ২০২৬, ০৭:২৬ পিএম
স্বাগতিক দর্শকদের উল্লাস থামিয়ে দিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে দাপুটে জয় তুলে নিল চট্টগ্রাম রয়্যালস। রোববার (৪ জানুয়ারি) সিলেটের মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ৯ উইকেটের বিশাল জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে দলটি।
আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারানোর পর, এবার সিলেটে ৯ উইকেটের জয়—টানা দুই ম্যাচে বড় জয়ে উড়ছে চট্টগ্রাম।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিক সিলেট। চট্টগ্রাম অধিনায়ক শেখ মাহেদি ও মির্জা বেগের তোপে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই মাত্র ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা।
তবে ষষ্ঠ উইকেটে পারভেজ হোসেন ইমন ও আজমতউল্লাহ ওমরজাই ৪৩ রানের জুটি গড়ে দলকে ১০০ রানের গণ্ডি পার করান। ওমরজাই ৪১ বলে ৪৩ রান এবং ইমন ২২ বলে ১৭ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান তোলে সিলেট। চট্টগ্রামের হয়ে শেখ মাহেদি ও মির্জা বেগ দুটি করে উইকেট শিকার করেন।
১২৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটকে কোনো সুযোগই দেননি চট্টগ্রামের দুই ওপেনার নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। আগের ম্যাচের মতোই দুজনেই তুলে নেন ফিফটি। উদ্বোধনী জুটিতে আসে ১১৫ রান। ৩৭ বলে ৫২ রান করে নাঈম আউট হলেও, অ্যাডাম রসিংটন ৫৩ বলে ৭৩ রানে অপরাজিত থেকে ১৬ ওভারেই দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ে ৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস। সিলেটের হয়ে একমাত্র উইকেটটি নেন রাহাতুল ফেরদৌস।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট টাইটান্স: ১২৬/৭ (২০ ওভার) (ওমরজাই ৪৪, ইমন ১৭; মাহেদি ২/১৮, মির্জা ২/২৪)।
চট্টগ্রাম রয়্যালস: ১২৭/১ (১৬ ওভার) (রসিংটন ৭৩*, নাঈম ৫২; রাহাতুল ১/২৯)।
ফল: চট্টগ্রাম রয়্যালস ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: নাঈম শেখ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন