শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

মুস্তাফিজ ইস্যুতে যা বললেন বাফুফে সভাপতি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০৮:৫১ পিএম

মুস্তাফিজ ইস্যুতে যা বললেন বাফুফে সভাপতি

আইপিএল ২০২৬-এর স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এই ঘটনাকে তিনি ‘চরম অবিচার’ এবং ‘অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ’ হিসেবে অভিহিত করেছেন।

রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তাবিথ আউয়াল বলেন, “মুস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট।

পারফরম্যান্স ও দক্ষতার ভিত্তিতেই তিনি আইপিএলে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র জাতীয় পরিচয়ের কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি মারাত্মক অবিচার।”

উল্লেখ্য, আসন্ন আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে দলে ভড়ালেও, ভারতের কিছু রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআই তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এই ঘটনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।ক্রিকেটকে ‘জেন্টলম্যানস গেম’ উল্লেখ করে বাফুফে সভাপতি বলেন, “খেলাধুলার ময়দানে এ ধরনের বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

খেলাধুলার শক্তি মানুষের মধ্যে ঐক্য তৈরি করে, বিভেদ বাড়াতে নয়। তিনি ভারতীয় কর্তৃপক্ষ ও বিসিসিআই-এর প্রতি খেলাকে রাজনীতির হাতিয়ার না বানানোর আহ্বান জানান।পোস্টের শেষে মুস্তাফিজের প্রতি সংহতি জানিয়ে তাবিথ আউয়াল লেখেন, শক্ত থাকো মুস্তাফিজ—আজ পুরো জাতি তোমার পাশে আছে।এদিকে, মুস্তাফিজ ইস্যুতে সৃষ্ট নিরাপত্তা শঙ্কার কারণে বিসিবি ইতিমধ্যেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়া শুরু করেছে।